২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে গ্রেনেড হামলার ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র চলছে: ফখরুল

তারেক রহমানের দেশে ফেরায় বাধা দিতে তাকে ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- তারেক রহমানের দেশে ফেরায় বাধা দিতে তাকে ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, ''যখন তারেক রহমানের দেশে ফেরার কথা চলছে- ঠিক তখনই ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় তাকে জড়ানোর ষড়যন্ত্র করছে সরকার। উদ্দেশ্য একটাই, তারেক যাতে দেশে ফিরতে না পারে, দল ও দেশের নেতৃত্ব দিতে না পারে, সেই চেষ্টা করা।'' ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করতে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পান। ২০০৭ সালে ১/১১ এর জরুরি অবস্থা জারির পর তারেক রহমানকে মার্চ মাসে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা এখন বিচারাধীন। তবে সবগুলো মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। মির্জা ফখরুল মহাজোট সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন, "সরকার দেশকে একটি অকার্যকর ও দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চায়। জনগনের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারেনি। বরং অকার্যকর রাষ্ট্র করতে প্রতিবেশি দেশের সঙ্গে স্বার্থ বিরোধী নানা চুক্তি করা হচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আন্দোলনের কোনো বিকল্প নেই।" লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের ওপর নির্মম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশকে ভালোবাসতেন বলেই তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিলো। আজ তিনি অনেক দূরে চিকিৎসার জন্য নির্জন বাস করছেন।" আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের পরও বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। তাই শুধু তারেক রহমান- জিন্দবাদ বললেই চলবে না। আমরা যদি তাকে ভালোবাসি, তাহলে তার গৃহীত তৃনমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার কর্মসূচি সফল করার জন্য কাজ করতে হবে, ওই কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।'' তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, "তারেক রহমানের রাজনীতি ছিলো- দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা। এই কাজে হাত দিয়ে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হন। তাকে ১/১১ তে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারেক মনে করতেন একটি দেশ ও দলের পদাতিক বাহিনী হচ্ছে- দেশের যুবক, ছাত্র ও নতুন প্রজন্ম। তিনি এই নতুন প্রজন্মকে সংগঠিত করতে চেয়েছিলেন বলে তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হয়।" যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সহসভাপতি আবদুস সালাম আজাদ, মোরতাজুল করীম বাদরু, আ ক ম মোজ্জাম্মেল হক, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৪০ ঘ.