২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালন করছেন খালেদা

সৌদি আরব সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার ওমরাহ হজ পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 07:14 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার ওমরাহ হজ পালন করছেন। তার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে খালেদা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের বিমানে গত সোমবার ঢাকা থেকে জেদ্দা পৌঁছান। সেখান থেকে ওই দিনই মদিনায় যান তিনি। খালেদার সফরসঙ্গী মারুফ কামাল খান বলেন, "বিরোধী দলীয় নেতা শুক্রবার রাতে মদিনা থেকে মক্কায় পৌঁছান। শনিবার সকালে মক্কায় ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তাওয়াফসহ ওমরাহ এর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বিকালে তিনি মসজিদুল হারামে নামাজ আদায় করবেন।" এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে খালেদা জিয়া মদিনায় হযরত মুহাম্মদ (স.) রওজা মোবারক জিয়ারত করেন। মারুফ আরো জানান, তিনদিন মদিনা অবস্থানকালে খালেদা জিয়া মসজিদে নববীতে ইফতার ও তারাবির নামাজ আদায় করেন। তিনি দেশের জনসাধারণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। খালেদার সফরসঙ্গীদের মধ্যে আরো আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহউদ্দিন আহমেদ, একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমূল বিশ্বাস ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ। মারুফ জানান, ওমরাহ পালন শেষে খালেদা জিয়া আগামী ৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩০৭ ঘ.