ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানেগলুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুরে সৌদি আরবের জেদ্দায় তাদের এই সাক্ষাৎ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ।
তিনি জানান, জেদ্দায় ওআইসি সদরদপ্তরে স্থানীয় সময় দুপুর ২টায় তাদের সাক্ষাৎ হয়। এরপর ৪০ মিনিটি স্থায়ী বৈঠকে ওআইসি ও মুসলিম উম্মার বিষয়ে দুই নেতা আলোচনা করেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী সাবিহউদ্দিন বলেন, "বিরোধী দলীয় নেতা মদিনায় মসজিদে নববীতে ইবাদত বন্দিগী করছেন। ৩ সেপ্টেম্বর তিনি ওমরাহ পালনে মক্কায় যাবেন।
"বুধবার তিনি মদিনা থেকে কিছু সময়ের জন্য জেদ্দায় এসে ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গেছেন। মদিনায় তিনি হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা ওমরাহ হজ পালনের জন্য গত সোমবার সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে রওনা হন।
তার সঙ্গে আট সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
প্রতিনিধিদলটির সদস্যরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও ফটোগ্রাফার নুরুউদ্দিন আহমেদ।
মারুফ কামাল খান জানিয়েছেন, খালেদা জিয়া ওমরাহ পালন শেষে ৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০৩৫ ঘ.
bdnews24