ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
ফুল দেওয়ার পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "জিয়ার প্রতিষ্ঠিত দল বর্তমানে খালেদা জিয়ার নেতৃত্বে বজ্রকঠিনভাবে ঐক্যবদ্ধ আছে। নানা বাধা-প্রতিবন্ধকতার মধ্যে এই দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে।"
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বর্তমানে প্রধান বিরোধী দল বিএনপির এটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১ টার দিকে শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময়ে নেতাদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আলতাফ হোসেন চৌধুরী প্রমূখ।
এছাড়া বিএনপি দলীয় সাংসদ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন।
পরে দলীয় নেতা-কর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
পরে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের মহাজোট সরকার গণতান্ত্রিক লেবাসে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে এতে কোনো লাভ হবে না। বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে সরকারের ওইসব নীল নকশার পরিকল্পনা ব্যর্থ করে দেবে।"
দেলোয়ার বলেন, "বিএনপির অঙ্গীকার হচ্ছে- দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করে জনগনের জন্য কল্যাণমুখী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু রাখা। দলের প্রতিষ্ঠাতার কবরে এসে আমরা আজ সেই অঙ্গীকার পালন করার শপথ নিয়েছি।''
যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ছাত্রদল, উলামা দল, ঘাট শ্রমিক দল, জিসাস, জিনাফ, জিয়া পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে জেলা ও উপজেলা ইউনিটগুলো দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৪৯ ঘ.
bdnews24