ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রাম শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম আসাদুল বিশ্বাস (৩৫)। তার বাবা প্রয়াত মহিউদ্দিন বিশ্বাস।
পুলিশ বলছে, চাঁদা না পেয়ে মঙ্গলবার গভীররাতে চরমপন্থীরা তাকে হত্যা করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, চরমপন্থীরা আসাদুল বিশ্বাসের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলো।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে একদল চরমপন্থী শ্যামনগর গ্রামে যায়। প্রথমে তারা আসাদুলের এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা আসাদুলের বাড়ি ঢুকে তাকে ডাকতে থাকে। তখন তারা তার ভাইয়ের কাছ থেকে ১২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, এ সময় চরমপন্থীরা আসাদুলকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। তারপর একটু দূরে গ্রামের মাঠের মধ্যে একটি বট গাছের নিচে জবাই করে তার লাশ ফেলে যায়। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৫ ঘ.
bdnews24