২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন: নির্বাচনী আইনে সংশোধন চায় ইসি

জাতীয় সংসদ ও উপ-নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনে গণপ্রতিনিধিত্ব আদেশের আইন-শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় 'প্রতিরক্ষাবাহিনী' শব্দটি সংযোজন করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 02:36 PM

Updated : 26 Apr 2022, 01:22 AM

জাতীয় সংসদ ও উপ-নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনে গণপ্রতিনিধিত্ব আদেশের আইন-শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় 'প্রতিরক্ষাবাহিনী' শব্দটি সংযোজন করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইন-শৃঙ্খলাবাহিনী মানে পুলিশবাহিনী, আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন), আনসার বাহিনী, ব্যাটালিয়ন আনসার, বাংলাদেশ রাইফেল্স, কোস্ট গার্ড বাহিনী রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার।

'প্রতিরক্ষাবাহিনী' শব্দটি সংযোজন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশে ইসি ইচ্ছে করেই তা বাদ দেয়নি এবং কোনো খারাপ উদ্দেশ্যও আমাদের ছিল না। কোনোভাবে ভুল করে সশস্ত্রবাহিনী বাদ যায়নি।"

তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত অধ্যাদেশে সশস্ত্রবাহিনী থাকলেও পরে নবম সংসদে আইন পাসের সময়ই তা বাদ দেওয়া হয় বলে জানান তিনি।

"আইনী সীমাবদ্ধতার কারণে উপ-নির্বাচনে সেনা মোতায়েন সবাই চাইলেও আমরা দিতে পারি না। এজন্যে নতুন করে সংশোধনের প্রস্তাব থাকবে," বলেন ছহুল।

নতুন প্রস্তাবনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত জানান, স্থানীয় সরকার নির্বাচনী আইনে সশস্ত্রবাহিনী মোতায়েনের কথা থাকলেও জাতীয় নির্বাচনে নেই। অথচ বড় পরিসরের জাতীয় নির্বাচনে তা থাকা উচিত।

"সংসদ ও উপ-নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ভুলবোঝাবুঝি হয়, অসুবিধায় পড়তে হয়," জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "সব আইনের সামঞ্জস্য রাখতে গণপ্রতিনিধিত্ব আদেশ-সংশোধনী প্রস্তাবে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে"

সর্বশেষ গত ২৪ এপ্রিল ভোলা-৩ উপ নির্বাচনে সেনা মোতায়েনে আইনি সীমাবদ্ধতার কথা জানানোর পরই ইসি নতুন করে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

প্রধান বিরোধী দল বিএনপি ওই সময়ে বারবার সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। অতীতে কোন উপ-নির্বাচনে সেনা মোতায়েনের রেকর্ড নেই জানিয়ে শেষ পর্যন্ত ওই দাবি পূরণ করেনি ইসি।

এসময় ইসির অনড় অবস্থান নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয়।

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, বরাবর সংসদ নির্বাচনে সেনা মেতায়েন হয়ে এসেছে। আইন-শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় তা যুক্ত থাকায় এ নিয়ে কোনো অসুবিধা হয় নি। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইসির অধ্যাদেশেও তা ছিল। কিন্তু বর্তমান সংসদ গত ২৪ ফেব্র"য়ারি সংশোধনী আকারে গণপ্রতিনিধিত্ব আদেশ আইন পাসের সময় সশস্ত্রবাহিনী বিভাগের বিষয়টি বাদ দেয়।

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে এম সাখাওয়াত বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশে না থাকলে আগামীতে সংসদ নির্বাচনেও সেনা মোতায়েন নিয়ে জটিলতা হবে। দেশজুড়ে একদিনে সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাধারণত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য পর্যাপ্ত না থাকলে রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়ে সেনা মোতায়েন করা হয়।

"আইনে থাকলে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনে আর বাধা থাকবে না। তা না হলে সেনা মেতায়েন করার বিষয়টি গৌণ হয়ে যাবে।"

নবম সংসদ নির্বাচনে সশস্ত্রবাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য ছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার, বিডিআর, কোস্টগার্ড, আর্মড পুলিশ, গ্রাম পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী পাঁচ লাখের বেশি সদস্য দেশজুড়ে মোতায়েন করা হয়।

বর্তমান নির্বাচন কমিশনের সার্বিক আইনী সংস্কার নিয়ে ঈদের পরই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুই নির্বাচন কমিশনার।