রাজশাহী, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মামলায় রাজশাহীতে জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম রুহুল আমিন এ রায় দেন।
গত ৩০ জুন বোয়ালিয়া থানায় মামলাটি করা হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, রাজপাড়া থানা আমির আব্দুল মালেক ও সেক্রেটারি মাহবুবুল আহসান, নগরীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হাসান ও ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাইমুল হক।
মামলার নথি থেকে জানা যায়, ঢাকায় জামায়াতের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ৩০ জুন রাত ৮টার দিকে রাজশাহীর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় সোনাদীঘির মোড়ে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে।
পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করে।
ওই রাতেই বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
গত ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নাজমুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24