২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল-মোয়াজ্জেম ১২ মামলার কার্যক্রম স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ১২টি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ১২টি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ১২টি মামলার কার্যক্রম কেনো বাতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তা জানাতে বলা হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আব্দুস সামাদের অবকাশকালীন বেঞ্চ রফিকুল ও মোয়াজ্জেমের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপি'র প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পরবর্তীতে ঢাকা, খুলনা, ভোলা, বগুড়া, পাবনা, চট্টগ্রাম, নড়াইল, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও যশোরে এই দুজনের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের হয়। রফিকুল ও মোয়াজ্জেমের পক্ষে হাইকোর্টে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/কেএমএস/১৬০০ ঘ.