ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষকে বাঁচানোর চলমান আন্দোলনে সমমনা রাজনৈতিক দলগুলোকে একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবারর সমমনা আটটি দল আয়োজিত এক ইফতার পার্টিতে ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহবান জানান।
খালেদা জিয়া বলেন, "দেশের মানুষ আজ অশান্তির মধ্যে আছে। মানুষ প্রতিনিয়ত বেকার হচ্ছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, হত্যা, গুম ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে। তাই আজ সময় এসেছে সমমনা দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে মানুষ বাঁচানোর আন্দোলনে শরিক হউন।''
শনিবার হোটেল পূর্বাণীতে এই ইফতার পার্টির আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, ইসলামিক পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভাসনী ও মুসলিম লীগ।
অনুষ্ঠানে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধানসহ অন্য নেতারা।
ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন রাজনীতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা বিশেষ করে সরকারি দল ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের দৌরাত্ম্য, দুর্নীতির কথা তুলে ধরেন।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ শতধিক আমন্ত্রিত অতিথি ইফতারে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১১ ঘ.
bdnews24