ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাসকে তিনটি ফৌজদারী মামলায় চার মাসের অন্তরবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি মামলা তিনটিতে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মির্জা আব্বাসের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দে।
গত ২৭ জুন বিএনপির হরতালে ফারুক হত্যার ঘটনা এবং মতিঝিল ও পল্টনে হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ২৯ জুন তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।
মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২৫৫ ঘ.
bdnews24