ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিঞা ও শাহ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ বিএনপির এই তিন নেতার আগাম জামিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়।
আগাম জামিন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে আদালত।
গত ২৯ জুলাই যশোর সদর থানায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএনপির এই নেতাদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/পিডি/২০২৩ ঘ.
bdnews24