ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের একাদশ দিন রোববার জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর তোপখানা সড়কের সৌরভ কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল এই ইফতার পার্টির আয়োজন করে।
ইফতারের আগে সবার সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। পরে দোয়া মাহফিলে অংশ নিয়ে সবাই একসঙ্গে ইফতার করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানাসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং একশ'রও বেশি আমন্ত্রিত অতিথি এই ইফতার পার্টিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/১৯৪৫ ঘ.
bdnews24