খন্দকার দেলোয়ার জালালী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পটুয়াখালী, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাত্র ছেলে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না মা মোরশেদা বেগম। স্বাভাবিক হতে পারছেন না বাবা মোতালেব মৃধাও।
ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ মোতালেব-মোরশেদা দম্পতি।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় মামুন মৃধার প্রাণপ্রদীপ।
নিমেষেই শেষ হয়ে যায় মোতালেব-মোরশেদার সুন্দর ভবিষ্যতের সব স্বপ্ন।
এসএসসিতে ভাল ফল করেছিলো তাদের একমাত্র ছেলে মামুন মৃধা। তাকে ঘিরে স্বপ্ন বুনেছিলো দারিদ্র্যপীড়িত পরিবারটি।
সেদিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের প্রাণহানি ঘটে। আহত হয় অনেকে।
নিহত ২৪ জনের মধ্যে মামুন মৃধা একজন। তার বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামে।
গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকীর প্রাক্কালে মামুনের মা মোরশেদা বেগমের সঙ্গে কথা হয় আলীপুরায় হোগলাপাতার বেড়া দেওয়া তার ঘরের বারান্দায় বসে।
"মামুন তো নেত্রীর বক্তৃতা হুনতে গেছিলো", একথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মোরশেদা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তাদের পরিবারে স্বচ্ছলতা না থাকলেও মামুন মারা যাওয়ার আগে পর্যন্ত আনন্দের অভাব ছিলো না। বাড়ির সবার প্রত্যাশা ছিলো মামুন পড়ালেখা শেষ করে বড় মানুষ হবে। সংসারের হাল ধরবে; থাকবে না অভাব।
মামুন ২০০৩ সালে এসএসসি পরীক্ষায় দশমিনার বিবি রায় মাধ্যমিক বিদ্যালয় থেকে 'এ' গ্রেডে উত্তীর্ণ হয়। এরপর ভর্তি হয় ঢাকার কাজী নজরুল ইসলাম কলেজে।
একদিকে অভাব, তার ওপর পুত্রশোক। ৫৫ বছর বয়সেই শরীর ভেঙে পড়েছে মামুনের বাবা মোতালেব মৃধার।
তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইচ্ছা আছিলো পোলারে লেহাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করমু। হ্যায় একদিন সংসারের হাল ধরবে; সংসারে আর কোনো দুঃখ থাকবে না।
"কিন্তু মামুন চইল্যা গ্যালো। হেই সাথে শ্যাষ হইয়া গ্যালো আমাগো সংসারের সব আশা। এহন আমি মইর্যা গ্যালে এই সংসারডা চালানোর মতো আর কেউ থাকবে না। সবাইরে রাস্তায় নামতে অইবে।"
মোতালেব মৃধা জানান, তিনি ঢাকায় দিন শ্রমিকের কাজ করেন। ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে এসেছেন।
২১ অগাস্টের ওই ঘটনার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন। তা দিয়ে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর এ বছরের শুরুতে আরো ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন সরকারের কাছ থেকে।
তিনি আরো জানান, মামুন তার সঙ্গেই ঢাকায় থাকতো। গ্রেনেড হামলার পর বাসায় ফিরে ছেলেকে না পেয়ে আত
bdnews24