২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের জনপ্রিয়তা: নেতাকর্মীদের সতর্ক করলেন রাজু

জনপ্রিয়তা হারিয়ে দল যেন বিএনপির অবস্থায় না পড়ে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন ডাকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয়তা হারিয়ে দল যেন বিএনপির অবস্থায় না পড়ে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন ডাকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকালে বঙ্গবন্ধু ভবনের সামনে চত্বরে এক আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এমন কোনো কাজ করবেন না, যাতে আওয়ামী লীগের অবস্থা বিএনপি'র মতো হয়। সেদিকে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে।" ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ। এসময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, "যারা নয় মাস মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের অনেককে মুক্তিযুদ্ধের চেতনা স্পর্শ করেনি। এই চেতনা স্পর্শ করলে জিয়া তার মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের নিতেন না। তিনি পাকিস্তানের এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।" আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "তারেক রহমানসহ ২১ অগাস্টের হামলাকারীদের মুখোশ উন্মোচন করা হবে।" ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৩ ঘ.