ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণে আর তার খুনীদের ফাঁসি ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রোববার পুরো ঢাকা নগরী যেন মুড়ে দেওয়া হয়েছে কালো ব্যানারে।
দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে 'জাতির পিতার বিদেশে পালিয়ে থাকা খুনীদের দেশে এনে ফাঁসি চাই' দাবি সম্বলিত অসংখ্য পোস্টার। বিভিন্ন ভবন ও বিল্ডিং-এর ছাদে উড়ছে কালো পতাকা।
বঙ্গভবন, সুপ্রিম কোর্ট, সচিবালয়সহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। জাতীয় প্রেসক্লাবে এবারই প্রথম জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ধানমন্ডির ৩২ নম্বর বাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর ৩৫ তম শাহাদাত বার্ষিকীতে রোববার তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে দেশবাসী।
সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করছে। আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় শোক দিবসে রাজধানীর প্রায় সর্বত্রই শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্টের শুরু থেকেই দলীয় ব্যানারের পাশাপাশি আওয়ামী লীগ ঘরানার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যানার আর পোস্টার টাঙাতে শুরু করে।
এতোদিন তুলনামূলক তা কম থাকলেও রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় এমনকি অলিতে গলিতে দেখা গেছে কেবল কালো ব্যানার আর পোস্টার। প্রধান সড়কগুলোতে তৈরি করা হয়েছে কালো ব্যানারের তোরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৩৪ ঘ.
bdnews24