বগুড়া, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের সুত্রাপুর এলাকায় শাহীন (৩৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন এক ওয়ার্ড কাউন্সিলরসহ যুবদলের দুই নেতার বাড়ি ভাংচুর করেছে।
নিহত শাহীন বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শহরের খান্দার এলাকার মুনছুর আলীর ছেলে শাহীন পেশায় ছিলেন ঠিকাদার।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, সুত্রাপুর মিশন রোডের (ঠনঠনিয়া প্রথম লেন) একটি দোকানের সামনে শাহীন দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলার শিকার হন।
এলাকার লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শাহীন মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ওই এলাকায় বগুড়া ৯ নম্বর পৌর কাউন্সিলর যুবদল নেতা দেলোয়ার হোসেন পশারী ও রিজভী'র বাড়ি ভাংচুর করে।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্তেজার রহমান জানান, পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য প্রচারপত্র ও পোস্টার লাগানোসহ প্রচার চালিয়ে আসছিলেন শাহীন।
এ কারণে তার ওপর হামলা হতে পারে জানিয়ে মন্তেজার বলেন, হামলাকারীরা একই দলের ও ওয়ার্ডের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.
bdnews24