২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের অস্থাবর সম্পত্তি ক্রোক

কারাবন্দি বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের চাঁদপুরের বাড়ির অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চাঁদপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের চাঁদপুরের বাড়ির অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। বুধবার জেলা সার্টিফিকেট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে কচুয়া উপজেলার গোবিন্দপুরে মিলনের বাড়ির অস্থাবর সম্পত্তি ক্রোক করে পুলিশ। কচুয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পুলিশ ক্রোক কার্যক্রম চালায়। তিনি জানান, ২৮ প্রকারের জিনিসপত্র ক্রোক করা হয়। এর মধ্যে চেয়ার, সোফা সেট ও একটি প্লাস্টিকের ডাইনিং টেবিলসহ তিন প্রকারের জিনিসপত্র কচুয়া থানায় নিয়ে আসা হয়। বাকি জিনিসপত্র গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের জিম্মায় রাখা হয়েছে। গত ১৪ জুলাই জেলা সার্টিফিকেট কর্মকর্তার নির্দেশে কচুয়া থানা পুলিশ মিলনের বাড়ির অস্থাবর সম্পত্তি জব্দ করার পরোয়ানা নিয়ে গেলেও ঘর তালাবদ্ধ থাকায় তা সম্ভব হয়নি। গত ৮ জুলাই দুর্নীতির মামলায় মিলনের অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেয় আদালত। গত ২২ মার্চ জাতীয় সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা মো. ফজলে এলাহী ভূঁইয়া চাঁদপুরের আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, সপ্তম জাতীয় সংসদের সদস্য থাকা অবস্থায় মিলন অনিয়মতান্ত্রিকভাবে পারিতোষিক ও ভাতাদিসহ বিভিন্ন খাতে ১৪ লাখ ৪৮ হাজার ৪৩২ টাকা গ্রহণ করেন। মামলায়- পারিতোষিক বাবদ নেওয়া ৪ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা, ভাতা বাবদ ৮ লাখ ৬৭ হাজার ৬৮ টাকা ও অর্থদন্ডের ১ লাখ ৩৪ হাজার টাকা আদায় করার আবেদন করা হয়। মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে মোট ১৫টি মামলা রয়েছে। এর ১৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন। চাঁদপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় গত ১৪ মার্চ মিলনকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৫ ঘ.