২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী নেতারা প্রধানমন্ত্রীকে এখনো হুমকি দিচ্ছে: কামরুল

পঁচাত্তরের মতো পরিণতির কথা বলে প্রধানমন্ত্রীকে আবারো হুমকি দেওয়া হচ্ছে বলে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধ্বার সকালে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের মতো পরিণতির কথা বলে প্রধানমন্ত্রীকে আবারো হুমকি দেওয়া হচ্ছে বলে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধ্বার সকালে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। কামরুল ইসলাম বলেন, "পঁচাত্তরে যেমন হয়েছে, সেই পরিণতি ভোগ করতে হবে বলে বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রীকে এখনো হুমকি দিচ্ছে। এখনো তারা ঔদ্ধত্য দেখাচ্ছে। '৭৫ এর ঘাতকদের বিচার থেকেও তারা শিক্ষা নেয়নি।" জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ইসলামী জোটের উদ্যোগে 'ইসলামের দৃষ্টিতে হত্যাকারীর বিচার' শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি মওলানা জিয়াউল হাসান। একাত্তরের চিহ্নিত ঘাতকদের দ্রুততম সময়ে বিচার করে সরকার দেশকে পাপমুক্ত করবে বলে আইন প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, "পঁচাত্তর ও একাত্তরের ঘাতকরা এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। '৭৫ এর ঘাতকদের ইতিমধ্যে বিচার শেষ হয়েছে। একাত্তরের ঘাতকদের মধ্যে চিহ্নিতদের দ্রুততম সময়ে বিচার করা হবে। এটা জনগনের কাছে সরকারের অঙ্গীকার।" তিনি অভিযোগ করেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে ছিলো, তারাই '৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতা দখল করেছিলো। ওই ঘাতক গোষ্ঠি ও জঙ্গিবাদীরা এক সূত্রে গাঁধা। তারাই দেশে অস্থিতিশীলতার জন্য কাজ করছে।" বিদেশে পালিয়ে থাকা '৭৫ এর ঘাতকদের সর্ম্পকে আইন প্রতিমন্ত্রী বলেন, "যেখানেই পালিয়ে থাকুক, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে।" আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহিবুল্লাহ মুজাদ্দেদী, মাওলানা মইনুদ্দিন রিজভী, আখতারুল হক নাঈমী, জুবায়েদ আলী প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫২০ ঘ.