২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত সরকারই দায়ী'

বিদ্যুৎ সঙ্কটের জন্য বিগত বিএনপি-জামায়াত সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ খাতে তার আগের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন তারা অব্যাহত রাখলে দেশ এমন বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কটের জন্য বিগত বিএনপি-জামায়াত সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ খাতে তার আগের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন তারা অব্যাহত রাখলে দেশ এমন বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতো না। তিনি বলেন, ১৯৯৬-২০০১ সালে আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে তার সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন ১৬০০ মেগাওয়াট থেকে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত এবং বিদ্যুৎ উৎপাদন আরো বাড়িয়ে ৫৫০০ মেগাওয়াটে উন্নীত করতে নানা প্রকল্প গ্রহণ করেছিল। হাসিনা আক্ষেপ করে বলেন, পরবর্তীতে বিএনপি-জামাত সরকার ক্ষমতায় এসে দেশে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং লুটপাট ও অব্যবস্থাপনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খাতটিকে ধ্বংস করেছে, যা জনগণের ভোগান্তি বাড়িয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে শেখ হাসিনা জানান, বর্তমান সরকার এ সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে। যদিও এ পরিস্থিতি রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিএনপি-জামাত সরকার এ খাতকে অত্যন্ত নাজুক অবস্থায় রেখে গেছেবলে তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও বর্তমান সরকার গত দেড় বছরে জাতীয় গ্রিডে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পুরনো বিদ্যুৎ কেন্দ্র মেরামতের পাশাপাশি অনেক নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনা আরো বলেন, সরকার গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাস কূপ খননেরও পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বৃহত্তর জাতীয় স্বার্থে বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহারের ক্ষেত্রে সংযম বজায় রাখার আহ্বান জানান। এসময়, এফবিসিসিআই নেতৃবৃন্দ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলাকালেও দেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ সার ও অন্যান্য কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার জন্যও বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এসব পদক্ষেপ দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করেছে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি প্রসঙ্গে তারা প্রধানমন্ত্রীকে বলেন, "আমরা আপনার ব্যক্তিগত উদ্যোগের কারণেই মজুরি বৃদ্ধি করেছি।" অন্যান্যের মধ্যে এফবিসিসিআই'র সাবেক সভাপতি সালমান এফ রহমান, ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/০০১২ ঘ.