ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ)- দুর্নীতির মামলায় সাবেক দুই মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের সাজা বাতিল করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ মঞ্জু ও নাসিরের পৃথক আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
২০০৮ সালের ২৬ অগাস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলো ঢাকার বিশেষ আদালত। এর আগে ২০০৭ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করে।
চারদলীয় জোট সরকারের বেসামরিক বিমান চলচাল প্রতিমন্ত্রী মীর নাসিরকে ২০০৭ সালের ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলো। এর আগে ২০০৭ সালের ৬ মার্চ দুদক এ মামলা দায়ের করে।
মামলায় তার ছেলে মীর হেলালউদ্দিনকেও আসামি করা হয়।
বিশেষ আদালত মীর হেলালউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলো ওই বছরের ৪ জুলাই। এরপর গত ২ অগাস্ট মীর হেলালউদ্দিনকে দেওয়া কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
মঙ্গলবার মঞ্জু ও নাসিরের পক্ষে পৃথক আপিল শুনানিতে অ্যাডভোকেট আহসানুল করিম অংশ নেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১১ ঘ.
bdnews24