চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সাংসদ ডা. আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
সোমবার দুপুরে নজরুল ইসলাম নামে এক আইনজীবী চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিসুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন। বাদি নজরুল মহানগর আদালতের অতিরিক্ত পিপি।
বিচারক মামলা আমলে নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালী থানার ওসিকে তা তদন্তের নির্দেশ দেন।
এর আগে ডা. তাহেরের বিরুদ্ধে খুলনাসহ কয়েকটি জেলায় মামলা ও সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বাদি পক্ষের আইনজীবী ও মহানগর পিপি মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাদি জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে দণ্ডবিধির ১২১(১), ১২২ এবং ১২৪ (অ) ধারায় মামলা দায়ের করেছেন।"
তিনি বলেন, "ঢাকায় একটি অনুষ্ঠানে দেওয়া জামায়াত নেতা তাহেরের বক্তব্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতীয়মান হয়, যা রাষ্ট্রদ্রোহীতার শামিল।"
৪ অগাস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠনের অনুষ্ঠানে সাবেক সাংসদ তাহের বলেন, "আমরা আমাদের শক্তিতো শেষ করবো না। জামায়াতের শক্তিতো আছে। সময় হলেই এ শক্তি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। যথাসময়ে যথাযথ ব্যক্তির ওপর আমরা আমাদের শক্তি প্রয়োগ করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/২০০২ঘ.
bdnews24