ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
বৃহস্পতিবার বিকাল ৪টায় মুক্তাঙ্গনে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি'র সহসভাপতি সাদেক হোসেন খোকা।
তিন দফা দাবির মধ্যে আরো রয়েছে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতা মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ।
দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে এই সমাবেশের মাধ্যমে বিএনপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদ জানাবে। আমরা নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিও জানাবো।"
জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুব দলের মহানগর থানার সবগুলো ইউনিট থেকে কর্মীদের এ সমাবেশে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।"
গত ৩ আগস্ট দলের পক্ষ থেকে মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
গত ১ আগস্ট ধানমণ্ডির ৩২ নং কৃষক লীগের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, "নাকে খত দিয়ে বলুন, আর ভবিষ্যতে দুর্নীতি করবেন না।"
বিএনপি'র পক্ষ থেকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এইচএ/১৬৫৭ ঘ.
bdnews24