ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দায়ের করা রিট আবেদনে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সরকারি অর্থ আদায় মামলা দায়ের ও মামলা চালানোর বৈধতা নিয়ে মিলনের দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ মিলনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
রিট আবেদনটি শুনানির শুরুতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "রিট আবেদনে পৃষ্ঠার ক্রমিকে অসঙ্গতি রয়েছে। পৃষ্ঠা আট এর পর রয়েছে আট-এ পৃষ্ঠা।
"এই পৃষ্ঠায় জাতীয় সংসদ ভবনের আইন কমকর্তা ফজলে আহমেদ ভুইঞার গত ১৬ মার্চ মিলনকে দেওয়া নোটিশটি রয়েছে। আট-এ পৃষ্ঠা সম্বলিত রিট আবেদনটি আদালতে দেওয়া হলেও রাষ্ট্রপক্ষের কাছে দেওয়া অনুলিপিতে এটি বাদ দেওয়া হয়েছে।"
তিনি শুনানিতে আরও বলেন, "নতুন জুড়ে দেওয়া ওই পৃষ্ঠার হলাফনামায় কমিশনার দস্তখতে অমিল রয়েছে। এটি কমিশনারের স্বাক্ষর নয়। এটি আদালতের সঙ্গে প্রতারণা। বিষয়টি তদন্ত করা প্রয়োজন।"
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "আমি হলফনামা দায়েরের সময় উপস্থিত ছিলাম না। এ বিষয়ে জানি না।"
এ সময় আদালত সংশ্লিষ্ট কমিশনারকে ডেকে এনে তার বক্তব্য শোনে।
আদালত ব্যারিস্টার খোকনের উদ্দেশ্যে বলেছে, "গুরুতর অভিযোগ উঠেছে। কমিশনার বিশ্বস্ত ও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন। রিট আবেদনটি উপস্থাপন করা হলে অভিযোগটি তদন্ত করা হবে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, "এ বিষয়টি তদন্ত হওয়া সমীচীন। প্রয়োজনে হলফনামায় দস্তখতকারী মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীকে ডেকে এনে বক্তব্য শোনা প্রয়োজন।"
এ পর্যায়ে মাহবুব উদ্দিন খোকন এটি নগন্য ক্রটি উল্লেখ্য করে রিটটি ফেরত নেওয়ার আরজি জানালে আদালত এটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দেয়।
ব্যারিস্টার খোকনকে উদ্দেশ্য করে আদালত বলেছে, "আপনি একজন সংসদ সদস্য ও বিজ্ঞ আইনজীবী। এ বিষয়ে আরও দায়িত্বশীল ও সর্তক থাকতে হবে।"
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, "প্রতারণার আশ্রয় নিয়ে রিটটি করা হয়। এটি আদালতের সঙ্গে প্রতারণা। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।"
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের অভিযোগ সত্য নয়। তার অভিযোগের ভিত্তিতে আদালত অভিযোগটি খারিজ করেনি। এ অভিযোগ এনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিজেই জালিয়াতি করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫২৩ ঘ.
bdnews24