ঢাকা, আগষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়া ও বোমা বিস্ফোরণের মামলায় বিএনপি নেতা মীর্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিন পুলিশ হেফাজতের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে মোট ১৪ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
শুনানি শেষে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার দুই মামলায় চার দিন করে মোট আট দিন হেফাজত মঞ্জুর করেন।
এ সময় তার পক্ষে জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করেন।
সকালে বারডেম হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে আদালতে হাজির করা হয়।
গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের দিন শাহজাহানপুর থেকে মীর্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫৫৫ ঘ.
bdnews24