ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের ছেলে মীর হেলালউদ্দিনকে দেওয়া নিু আদালতের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাদের চারজনের দায়ের করা পৃথক আপিল আবেদনে এ রায় দেয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৩১ মে আ ন হ আখতার হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত তাকে ১০ বছর কারাদণ্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে তার দায়ের করা আপিল আবেদনের ওপর সোমবার শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
অপরদিকে ২০০৭ সালের ২২ মার্চ ধানমণ্ডি থানায় পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৭ সালের ২৬ আগস্ট ঢাকার বিশেষ আদালত এ মামলায় পঙ্কজ দেবনাথকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
এ রায়ের বিরুদ্ধে পঙ্কজের দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন।
ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদক মামলা করে ২০০৭ সালের ২ জুলাই। বিশেষ আদালত ২০০৮ সালের ১৩ এপ্রিল তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়।
মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুদক মামলা করে ২০০৭ সালের ৬ মার্চ। বিশেষ আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ওই বছরের ৪ জুলাই।
ফয়সাল ও হেলালের দায়ের করা আপিলের ওপর সোমবার শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
দুদকের পক্ষে আপিল চারটিতে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৫ ঘ.
bdnews24