২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের দক্ষিণ প্লাজায় মান্নান ভূঁইয়ার মরদেহ

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টায় জানাজা অনুষ্ঠানের পর সেখানে প্রবীণ এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত রয়েছে জাতীয় সংসদের চারবারের এই সদস্যের কফিন। কালো কাপড় দিয়ে তৈরি একটি মঞ্চে রাখা আছে কফিনটি। জানাজা শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মান্নান ভূঁইয়াকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী নেতা তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিএনপি নেতা মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যুর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা ছিলো মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখান থেকে বুধবার সকাল পৌনে ৭টার দিকে গুলশানের বাসায় পৌঁছায় তার কফিন। তখন সেখানে এক মর্মস্পর্শী অবস্থার সৃষ্টি হয়। মরহুমের মরদেহ বাসার নিচ তলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। খোলা হয় শোক বই। গুলশানের বাসা থেকে বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় মান্নান ভূঁইয়ার কফিন। তার দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এরপর মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে সরকারি আসাদ কলেজ মাঠে হবে তৃতীয় জানাজা। মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী শিবপুরের মাছিমপুরের পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। প্রবীণ এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সকালেই গুলশানের বাসায় ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিপিবি'র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বিএনপি নেতা মাহবুবুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১৪৫ ঘ.