ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ইট'স এ রেড-লেটার ডে, আজ একটি ঐতিহাসিক দিন। এ দিনে দেশের ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এটা বাঙ্গালী জাতির জন্য গর্বের বিষয়।"
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ১৯৭১ এর মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, "একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিলো। ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তারের আদেশ দিয়েছে।"
তদন্ত সংস্থা এই চারজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দাবি করে টিপু বলেন, "তারা দখলদার পাকিস্তানী বাহিনীর সহযোগী বাহিনী হিসাবে সারা দেশে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারেন, এ জন্যই আবেদনটি করা হয়েছিলো।"
সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবী প্যানেলের সদস্যদের প্রশ্ন করলে তারা তদন্তের স্বার্থের কথা উল্লেখ করে কোনো প্রশ্নের জবাব দেননি।
কারাবন্দি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এক আবেদনের ওপর সোমবার শুনানি শেষে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হলো।
জামায়াতে ইসলামীর এই চার নেতাকে স
bdnews24