ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুম ও ঢাকা মহানগর নেতা মোহাম্মদ ইয়াহিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করায় ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলা দুটির কার্যক্রম কেনো বাতিল করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মামলা বাতিলে তাদের আবেদনে এ আদেশ দেয়।
আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মাসুমের বিরুদ্ধে চাঁদপুরে এবং ইয়াহিয়ার বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৮ ঘ.
bdnews24