২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের কেরানীগঞ্জের মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে করা কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে করা কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তৈয়েবুল হাসান এ আদেশ দেন। আগেরদিন জামায়াত নেতা নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাসহ ১০ জনের বিরুদ্ধে করা পল্লবীর গণহত্যা মামলাটি একই ট্রাইবুনালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে মামলাটি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর জন্য আদালতে আবেদন জানান। আবেদনে বলা হয়, কেরানীগঞ্জ থানার মুক্তিযোদ্ধা হত্যা মামলাটি আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার কথা। এ কারণে মামলাটির নথি ওই ট্রাইব্যুনালে পাঠানো হোক। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ খান ২০০৭ সালের ১৭ ডিসেম্বর জামায়াতের আমির নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এর মধ্যে পাঁচ আসামির মৃত্যু হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বরে নিজামী ও মুজাহিদসহ আসামিরা বাদির ভাগ্নে ও সহযোদ্ধাদের হত্যা করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএসবি/১৭৩৫ ঘ.