২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদার নেতৃত্বে ১৯ জনের সর্বদলীয় কমিটি হচ্ছে

সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটির প্রধান হচ্ছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এ তথ্য জানিয়ে চিফ হুইপ আব্দুস শহীদ বলেছেন, বিএনপি না এলে স্থান শূন্য রেখেই বুধবার কমিটি গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটির প্রধান হচ্ছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এ তথ্য জানিয়ে চিফ হুইপ আব্দুস শহীদ বলেছেন, বিএনপি না এলে স্থান শূন্য রেখেই বুধবার কমিটি গঠন করা হবে। ১৯ সদস্যের কমিটি হচ্ছে জানিয়ে মঙ্গলবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি ছাড়া আমরা সর্বদলীয় কমিটির ১৮ জনের নামের খসড়া তালিকা তৈরি করেছি। ইতিমধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে তা দেখানো হয়েছে। কাল (বুধবার) এটি তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর বিকালে সংসদ অধিবেশনে তা উপস্থাপন করা হবে।'' শহীদ জানান, প্রস্তাবিত সদস্যরা হলেন, আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, শিরিন শারমিন চৌধুরী, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, আবদুল মতিন খসরু, আমিনা আহমেদ, জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং তিনি নিজে। সরকারি দল থেকে আরো একটি নাম চূড়ান্ত অনুমোদনের সময় প্রধানমন্ত্রী যোগ করবেন বলে জানান তিনি। বিএনপি এখনো নাম দেয়নি জানিয়ে শহীদ বলেন, ''বিএনপি নাম পাঠালে ভালো, না পাঠালে অসুবিধা নেই।" শুক্রবার শেখ হাসিনা বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য শিগগিরই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এই কমিটিই ঠিক করবে কীভাবে সংবিধান সংশোধন করা হবে। ১৯৭৯ সালে তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান সংবিধানে পঞ্চম সংশোধনী আনেন। এর ফলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বিনষ্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/জিএনএ/২১৫০ ঘ.