সাতক্ষীরা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় সাতক্ষীরায় গ্রেপ্তার ১৫ জামায়াত-শিবির কর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার সাতক্ষীরা মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত এই আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন ১৫ জামায়াত-শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের রাখার জন্য গত বৃহস্পতিবার আবেদন জানান।
সোমবার ছিলো আবেদন শুনানির ধার্য দিন।
শুনানি শেষে মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ এইচ এম সামছুল আরেফিন তিনদিন হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এই ১৫ জামায়াত-শিবির কর্মী হলেন- পুরাতন সাতক্ষীরার কামরুল ইসলাম (৩৮) ও নুরুল ইসলাম (৬০), সদর উপজেলার মাছখোলা গ্রামের সুলতান আলী কারিগর (৩৫), মধ্য কাটিয়া গ্রামের আবুল কালাম আজাদ (৪৫), জোড়দিয়া গ্রামের আহাদ আলী (৪৫), কাশিমপুর গ্রামের আহাদ আলী (২৪), কাটিয়া মিলবাজার এলাকার শাহিনুর রহমান (৩২), কামালনগর গ্রামের মাহবুবুর রহমান (৫২), মুন্সিপাড়া এলাকার আবদার রহমান (৪২), দহাকুলা গ্রামের শাহজাহান (১৮), জাহানাবাজ গ্রামের আব্দুস সবুর (৩৫), রইচপুর গ্রামের নুরুল হক (২২), রসুলপুর গ্রামের আব্দুল মোমিন (৫০), মৃগিডাঙ্গা গ্রামের রুহুল আমিন (৪০), তালা উপজেলার কেশা গ্রামের শাহিনুর রহমান (৩৫) ও আশাশুনি উপজেলা সদরের মো. আব্দুল্লাহ (২৭)।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরা সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ের আশপাশ ও মোসলেমা কিন্ডার গার্টেন এলাকা থেকে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
ওইদিন রাতে সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বাদি হয়ে জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেক ও সেক্রেটারি নূরুল হুদা সহ ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।
পরদিন বিকালে এই মামলার আরো এক আসামিকে শহরের পাকাপুল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24