২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের বিরুদ্ধে মহিউদ্দিনের মামলা

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম. মনজুর আলমের বিরুদ্ধে মামলা করেছেন মেয়র পদে পরাজিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র পদে নিজেকে নির্বাচিত ঘোষণার আবেদন জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী এম. মনজুর আলমের বিরুদ্ধে রোববার মামলা করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। মামলায় নব নির্বাচিত মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ব্যালট বাক্স চুরি, ভোটারদের কাছে অবৈধভাবে টাকা লেনদেন ও বিভিন্ন বেআইনী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। সদ্য শপথ নেওয়া মনজুর ছাড়াও নির্বাচনের অপর ছয় মেয়র প্রার্থীকে এ মামলায় আসামি করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল জজ ও ১ম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই মামলার বাদী এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার পক্ষে তার ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল আদালতে এ মামলার অভিযোগ পেশ করেন। ইফতেখার সাইমুল জানান, আদালত আগামী ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছে। তিনি আরও জানান, মামলার এক নম্বর বিবাদী এম. মনজুর আলম। বাকি ছয়জনকে মামলায় বিবাদী করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। নির্বাচনী মামলার নিয়ম অনুসরণ করতে গিয়ে ছয় মেয়র প্রার্থীকে বিবাদী করা হয়েছে। মনজুর ছাড়া অপর বিবাদীরা হলেন, অধ্যাপক মোফাজ্জল হোসেন ভুইয়া, জানে আলম, মো. ইব্রাহীম, মো. রফিকুল আলম, সোলায়মান আলম শেঠ ও সৈয়দ সাজ্জাদ জোহা। মামলার অভিযোগে মহিউদ্দিন চৌধুরী উল্লেখ করেন, "নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের বরাবরে অভিযোগ করা সত্ত্বেও কোন প্রতিকার না পাওয়ায় এই মামলা করতে বাধ্য হয়েছি।" গত ১৭ জুনের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনজুর আলমকে বিজয়ী ঘোষণা বেআইনী, অবৈধ ও অকার্যকর মর্মে ডিক্রি জারি; মেয়র পদে মহিউদ্দিন চৌধুরীকে নির্বাচিত বলে ডিক্রি জারি অথবা নির্বাচন বাতিল ও পুনঃ তফসিল দেওয়ার ডিক্রি ঘোষনার জন্য এ মামলায় আবেদন জানানো হয়। মহিউদ্দীনের ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায় বিচার পেতেই এ মামলা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কেএমএস/১৬৪০ ঘ.