ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- গণভবনে বুধবার আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রধানমন্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
এতে আওয়ামী লীগের ৭২ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদ, ৭২টি সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্যরা উপস্থিত থাকবেন।
গত ৩০ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। তারপর তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি।
এ বিষয়ে সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের উদ্দেশ্যে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হবে।
বৈঠকে সাভারের নবীনগরে ফাউন্ডেশনের নামে কেনা ১৯ বিঘা জমির ওপর আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই হাসপাতাল ও নার্সিং কলেজটি নির্মাণ করা হবে বলে গত ২২ মে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়।
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এইচ এন আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে নবীনগরের জমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে আগামী ১৬ জুলাই। সেদিন বিকাল ৫টায় গণভবনের ওই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩১৩ ঘ.
bdnews24