খুলনা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত-শিবিরের ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে দ্রুত বিচার আইনে দায়ের মামলায় অভিযোগপত্রটি দাখিল করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
আদালতে বিচারক মো. বারেকুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৪ জুলাই শুনানির দিন ধার্য করেন।
সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মো. মামুন খান জানান, অভিযোগপত্রে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার ৪৭ নেতাকর্মীর নাম রয়েছে।
তিনি জানান, মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি আবুল কালাম আজাদ, নায়েবে আমির ও ভারপ্রাপ্ত (বর্তমান) আমির আব্দুল মতিন, নায়েবে আমির শফিকুল আলমের নামও অভিযোগপত্রে রয়েছে।
৩০ জুন জামায়াতের কারাবন্দি নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তির দাবিতে নগরীর ডাকবাংলা মোড়ে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অপর একটি মামলা দায়ের করে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় থেকে দুইশ' ব্যক্তিকে আসামি করে মামলা দু'টি দায়ের করেন।
অভিযোগপত্রে তালিকাভূক্ত ৪৭ জনের মধ্যে গোলাম পরওয়ারসহ জামায়াত-শিবিরের ২৬ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24