২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

সংগঠনে আধিপত্য বিস্তার নিয়ে নগরীতে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনে আধিপত্য বিস্তার নিয়ে নগরীতে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। টিলাগড়ের শাপলবাগ এলাকায় সোমবার দুপুরে কয়েকজন দুর্বৃত্তের হামলায় তার মৃত্যু হয়। নিহত উদয় সিংহ পলাশ (২২) এমসি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুলের হাওড় গ্রামে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে পলাশ কলেজ থেকে ফেরার পথে টিলাগড়ের শাপলবাগ এলাকায় ৫/৬ জন তরুণ তাকে কুপিয়ে পালিয়ে যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আইয়ূব নামের নিহতের এক সহপাঠীকে আটক করেছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ পুরকায়স্থ জানান, পলাশ কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে এসসি কলেজ ছাত্রলীগের কমিটি না হওয়ায় দলের নেতা-কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে। দলীয় কোন্দলের কারণে পলাশকে হত্যা করা হতে পারে বলে পঙ্কজ পুরকায়স্থ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২২৭ ঘ.