ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মান্নান ভূঁইয়াকে শুক্রবার দুপুরে দেখে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
এর আগে তাকে দেখতে সকালে স্কয়ার হাসপাতালে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা, সাংসদ এবং সাবেক মন্ত্রী, সচিব ও শিক্ষাবিদ। এছাড়া মান্নান ভূঁইয়ার খবর জানতে হাসপাতালে ভিড় করে আছেন তার নির্বাচনী এলাকা নরসিংদীর অনেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধিদলটি স্কয়ার হাসপাতালে পৌঁছায়। এরপর তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাচের দেয়ালের বাইর থেকে মান্নান ভূঁইয়াকে দেখেন।
এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাকে ব্যক্তিগতভাবে দেখতে স্কয়ার হাসপতালে যান।
মান্নান ভূঁইয়াকে দেখার পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, "দলের পক্ষ থেকে আমরা মান্নান ভূঁইয়ার আশু আরোগ্য লাভে দোয়া করছি। তার বর্তমান অসুস্থতায় আমরা উদ্বিগ্ন।"
টানা ১১ বছর বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকারী মান্নান ভূঁইয়ার প্রশংসা করে তিনি বলেন, "তিনি একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। দীর্ঘ ১১ বছর মহাসচিব ছিলেন। দলের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। দেশের জন্য তার অবদান রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি সুস্থ হয়ে উঠেন।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভূঁইয়াকে মহাসচিবের পদ ও দল থেকে বহিষ্কার করেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ সাংবাদিকদের জানান, বৈঠকে মান্নান ভূঁইয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নেত্রীকে অবহিত করা হয়েছে। তবে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ারও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, "কাচের দেওয়ালের বাইরে থেকে তাকে (মান্নান ভূঁইয়া) দেখেছি। পর্যবেক্ষণটা আমরা কাছে বেদনাদায়ক। তার বয়সও আমার চেয়ে কম। লাইফ সাপোর্টের মধ্যে শুয়ে আছেন, আমাদের উপস্থিতি কিংবা আওয়াজও শুনতে পারেননি।
"দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের অধিকারী মান্নান ভূঁইয়া জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অনেক দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং দেশের জন্য অবদান রেখেছেন।"
বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, "মান্নান ভূঁইয়া এখন জীবন-মৃত্যু সন্ধিক্ষণে। দলের এই সিদ্ধান্তে তার কিছু আসবে যাবে না। রাজনৈতিক এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয়।"
বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী ও কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী মুন্সি ফখরুল ইসলাম, সভাপতিমন্ডলী সদস্য ওবায়দুল কাদের, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, বিএনপি সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাংসদ মোশাররফ হোসেন, সাংসদ জয়নাল আবেদিন, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল লতিফ নেজামী এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেনসহ কয়েকজন অবসরপ্রাপ্ত সচিব ও শিক্ষাবিদ মান্নান ভূঁইয়াকে দেখতে সকালে স্কয়ার হাসপাাতালে যান।
তারা আইসিইউতে তার শয্যাপাশে কিছু সময়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
ফুসফুস ক্যান্সার আক্রান্ত মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে গত বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪৪৫ ঘ.
bdnews24