ঢাকা, জুলাই ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির বুধবারের মানববন্ধন কর্মসূচিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রাজশাহীতে বাধা দিয়েছে পুলিশ। বিভাগীয় শহরের মধ্যে খুলনায় শান্তিপূর্ণ কর্মসূচির খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।
ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রধান সড়কে দুপাশে দাঁড়িয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মানববন্ধন কর্মসূচি পালনের কথা।
পুলিশ জাতীয় প্রেসক্লাব, ফার্মগেট, ইত্তেফাকের মোড় ও মতিঝিলে শাপলা চত্বরের রাস্তায় কাউকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ফার্মগেটে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
তবে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক আছে।
ফার্মগেটে প্রগতি সেন্টারের কাছে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, আহমেদ আজম খান, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ শতাধিক নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
পুলিশ তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়নি অভিযোগ করে সেলিম রেজা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি চারজনকে আটক করে নিয়ে গেছে।"
সুপ্রিম কোর্টের সামনের রাস্তার পাশে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও সাবেক মন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ৫০-৬০ জন আইনজীবী মানববন্ধন কর্মসূচি পালন করছেন। পুলিশ তাদের ঘিরে রেখেছে।
পুলিশি বাধার পর বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফটকে বসে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবেদীন ফারুক, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন সহ শতাধিক নেতাকর্মী।
পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রেসক্লাবের সামনের রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না। আমরা উপরের নির্দেশ পালন করছি।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানবববন্ধন কর্মসূচি শুরু হবে সকাল ১১টায় এবং বেলা ১২টায় তা শেষ হবে। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব।"
মানববন্ধন কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে আশা ব্যক্ত করেন তিনি।
নজরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত প্রধান সড়কের প্রতিটি স্থানে বিভিন্ন অঙ্গসংগঠন এবং মহানগর বিএনপির নেতা-কর্মীরা ব্যানার হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে। বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতারা কর্মসূচির নেতৃত্ব দেবেন। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন থাকবেন জাতীয় প্রেসক্লাবের কাছে।
অন্যান্য বিভাগীয় শহর এবং জেলা সদরে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/১১৫৭ ঘ.
bdnews24