২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল বন্ধে সরকারের চিন্তা অযৌক্তিক: দেলোয়ার

আইন করে হরতাল বন্ধে সরকারের চিন্তাকে 'স্বৈরাচারী ও অযৌক্তিক মনোভাবের বহিঃপ্রকাশ' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন করে হরতাল বন্ধে সরকারের চিন্তাকে 'স্বৈরাচারী ও অযৌক্তিক মনোভাবের বহিঃপ্রকাশ' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 'যুদ্ধাপরাধ বিচার ধামাচাপা দিতেই বিরোধী দল হরতাল করছে'- বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন দেলোয়ার তার সমালোচনাও করেন। খোন্দকার দেলোয়ার বলেন, "হরতাল জনগনের একটি গণতান্ত্রিক অধিকার। সরকার যখন জনগনের কথা শোনে না তখনই এটা প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু এটা দুঃখজনক, যে দলই ক্ষমতায় যায়, তারাই হরতালের বিরুদ্ধে কথা বলে। বিরোধী দল হরতালের পক্ষে থাকে। এখন শুনি আইন করবে। এভাবে আইন করে জনগনের এই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা যাবে না।'' তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকারে থাকার সময় বলেছিলো-তারা বিরোধী দলে গেলে হরতাল করবে না। কিন্তু যখনই তারা বিরোধী দলে গেছে, তখনই একের পর এক হরতাল করেছে। ২০০১-০৬ পর্যন্ত তারা ১৩০ দিন হরতাল করছে। '৯১-৯৬ সালে ১৭৩ দিন হরতাল করেছে। গত শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি হরতাল ডেকেছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগ খণ্ডন করে দেলোয়ার বলেন, "আমরা আগেও বলেছি- বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী নয়। তবে সরকার যুদ্ধাপরাধীর বিচার থেকে সরে এসে এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলে বিরোধী রাজনৈতিক দলকে যেভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তা গ্রহনযোগ্য নয়। তাই এই প্রক্রিয়ায় সরকারের কার্যক্রম কোনোভাবেই সফল হবে না। বিরোধী দলের ওপর দমনীতির মাধ্যমে সরকার দেশে অস্থিরতা সৃষ্টি করছে। বিএনপি এ ধরনের অস্থিরতা চায় না।" তিনি বলেন, "সরকার যদি সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীর বিচার চায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের ঘর থেকে ওই বিচার শুরু করতে হবে।'' মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "ওই বিচার করতে হলে অবশ্যই ১৯৭৩ সালে রক্ষীবাহিনীর হাতে নিহত রাজনৈতিক সব নেতা-কর্মীর হত্যার বিচার করতে হবে।" এর আগে সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবসহ নেতা-কর্মীরা দেলোয়ারের নেতৃত্বে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। রফিকুল ইসলাম মাহতাব গত ২৭ জুন হরতালের দিন পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭১৩ ঘ.