সিলেট, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মদিনা মার্কেট এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে নগরীর দরগা গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোজাম্মেল হক (২৬) ও কুলাউড়ার জাকির হোসেন (২৫)। এনিয়ে ওই ঘটনায় ১৩ শিবিরকর্মী গ্রেপ্তার হলো।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে দরগা গেইট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণ দত্ত জানান, গত মঙ্গলবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ দু'টি মামলা করে। ওই দুই মামলায় এর আগে ১১ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতের তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাতে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধকালে মদিনামার্কেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর এবং দুই পুলিশ সদস্য আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24