২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে সুবিধাজনক সময়ে হেফাজতে নেওয়া হবে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে শনিবার পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে না। পরে সুবিধাজনক সময়ে তাকে হেফাজতে নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 01:14 PM

ঢাকা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে শনিবার পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে না। পরে সুবিধাজনক সময়ে তাকে হেফাজতে নেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা উপ পুলিশ উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম শনিবার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান। তিনি জানান, মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে বলেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত ১৭ ফেব্র"য়ারি পল্টন থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এই থানায় দায়ের হওয়া তিনটি মামলার প্রত্যেকটিতে তাদের প্রত্যেককে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মনিরুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাংচুরের অভিযোগে নিজামীদের রিমান্ড নেওয়া হয়েছে। এই মামলায় আরো কয়েকজনকে গ্রেপ্তার করার পর তারা বলেছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ ছাড়া তারা এসব কাজ করেনা। এরই প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান তদন্ত করে প্রাথমিক ভাবে কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। আর একারণে কেন্দ্রীয় নেতাদের পুলিশ হেফাজতে এনে তারা কি নির্দেশ দিয়েছেন মূলত সে ব্যাপারেই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা এক প্রশ্নের উত্তরে জানান, এই মামলার বাইরে আর কোনো বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তবে এসব বিষয়ে যে প্রশ্ন করা হচ্ছে তারা তার জবাবও দিচ্ছেন। এসব জবাব যাচাই বাছাই করা হচ্ছে। এই দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষ হলে নিজামীকে আনা হবে বলে তদন্ত কর্মকর্তা তাকে (মনিরুল ইসলাম) বলেছেন বলে জানান উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম। তবে শনিবার নিজামীকে নাও আনা হতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, "তিনজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা অসুবিধা বিধায় সুবিধাজনক সময়ে নিজামীকে হেফাজতে নেওয়া হবে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত কর্মকর্তা ছাড়া আর কেউ তাদের জিজ্ঞাসাবাদ করছে না। তবে তদন্ত কর্মকর্তা যদি কারো সাহায্য চান সেক্ষেত্রে তাকে সহায়তা করা যেতে পারে। এখন পর্যন্ত সেটা হয়নি। পল্টন থানায় অবকাঠামোগত অসুবিধার কারণেই তাদের গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মনিরুল ইসলাম। পুলিশি হেফাজতে নেওয়ার ব্যাপারে আদালত অনুমতি দেওয়ার পরের দিন বৃহস্পতিবার পুলিশ মুজাহিদ ও সাঈদীকে কারাগার থেকে তাদের হেফাজতে (রিমান্ড) নিয়েছে। নিজামীকে শনিবার পর্যন্ত রিমাণ্ডে নেওয়া হয়নি। গত মঙ্গলবার নিজামীরা গ্রেপ্তার হওয়ার পর বুধবার তাদের আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপরেই বুধবার সন্ধ্যায় তাদের আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিন দিন করে নয় দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় ৪দিন। একদিনে সব থানার রিমান্ড মঞ্জুর হলেও প্রথমে পল্টন থানা পুলিশ দুজনকে রিমান্ডে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৪৫২ ঘ.