গোপালগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় নতুন করে আরো নয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে এই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।
বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল ২ আদালতের বিচারক গোলাম মোর্শেদ নতুন করে নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এরা হলেন- মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির, শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মাওলানা আব্দুল হাই, আরিফ হাসান সুমন ও মাওলানা মুফতি আব্দুর রউফ।
এদের মধ্যে আরিফ হাসান সুমন ও মাওলানা মুফতি আব্দুর রউফ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে হেলমেট, জ্যাকেট ও ডাণ্ডাবেড়ি পরিয়ে এ মামলার ২৫ আসামির মধ্যে নয়জনকে আদালতে হাজির করা হয়।
অপর পাঁচ আসামি হলেন- অসিম আক্তার, মেহেদী হাসান, মো. রাশেদ ড্রাইভার, মো. মাহামুদ আজাহার ও আবুল হোসেন খোকন।
অভিযোগ গঠনের পর আদালত আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রণজিত কুমার গামা।
তিনি সাংবাদিকদের বলেন, আজ (বৃহস্পতিবার) মুফতি হান্নান ও মহিবুল্লাহর বিরুদ্ধে গঠিত অভিযোগও পড়ে শোনানো হয়েছে। তাদের অনুপস্থিতিতে ২০০১ সালের ২ জুলাই প্রথম অভিযোগ গঠন করা হয়। সে সময় অভিযুক্ত করা হয় ১৬ জনকে।
এপিপি রনজিত কুমার গামা জানান, আসামিদের বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনানোর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থলে বোমা পুঁতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। জনসভাস্থল থেকে বোমা উদ্ধারের পর কোটালীপাড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০১ সালের ১৫ মে এ মামলায় মুফতি হান্নান, মহিবুল্লাহ, মুন্সি ইব্রাহিম (পলাতক), মো. মাহামুদ আজাহার, মো. রাশেদ ড্রাইভার, শাহ নেওয়াজ (পলাতক), মোহাম্মদ ইউসুফ (পলাতক), মো. লোকমান (পলাতক), শেখ মো. এনামুল হক (পলাতক), মো. মিজানুর রহমান, মেহেদী হাসান, অসিম আক্তার, খন্দকার মো. কামাল উদ্দিন সাকের (পলাতক), মুন্সি আনিসুল ইসলাম সাগর, সরোয়ার হোসেন ও আবুল হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ওই বছরের ২ জুলাই।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মুফতি হান্নান গ্রেপ্তার হন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিআইডি এ মামলার অধিকতর তদন্ত শুরু করে। গত বছরের ২৯ জুন আরো নয়জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
চলতি বছরের ১৩ মে এই মামলায় প্রথমবারের মত মুফতি হান্নানকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়। ওইদিন তিনি চিৎকার করে বোমা পুঁতে রাখার ঘটনায় স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জড়িত বলে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24