২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাড়িতে হামলা 'স্যাবোটাজ': মাহবুবুর রহমান

হরতালের সময় বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে হামলার ঘটনাকে 'স্যাবোটাজ' হিসাবে উল্লেখ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে হামলার ঘটনাকে 'স্যাবোটাজ' হিসাবে উল্লেখ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। অন্যদিকে, আওয়ামী লীগের সাংসদ আমির হোসেন আমু বলেছেন, চার দলীয় জোট সরকারের সাজিয়ে রেখে যাওয়া প্রশাসন শুধু তাদের মতো করে কাজ করেছে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তারা এসব কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। মির্জা আব্বাসের বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলার প্রসঙ্গে মাহবুবুর রহমান সংসদে বলেন, "এটা একটা স্যাবোটাজ। এটা একটা ষড়যন্ত্র। এটার তদন্ত করতে হবে। আমার প্রশ্ন- পুলিশ তার বাড়িতে ঢুকলো, ঠিক সেই সময় এতোগুলো ক্যামেরা কী ভাবে সেখানে উপস্থিত ছিলো ?" বিএনপি আহুত হরতালের সময় মির্জা আব্বাসের বাড়িতে হামলার বিষয়টি উল্লেখ না করেও ঐ ঘটনাকে 'বিশৃঙ্খল ঘটনা' হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাংসদ আমির হোসেন আমু বলেন, "তারা (চার দলীয় জোট সরকার) যে ভাবে প্রশাসন সাজিয়ে রেখে গেছে, প্রশাসন সেভাবেই কাজ করছে। যতই রাশ টেনে ধরা হোক না কেনো, এরকম ঘটনা ঘটবেই।" আমু বলেন, "দলীয় প্রশাসনকে যখনই নির্দলীয় করা হচ্ছে। তখনই তারা (বিএনপি) চিৎকার চেচামেচি করছে।" আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যাদের সাথে আঁতাত করছে, তারা দেশের শত্র"। তারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ভোলায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়ে আমু বলেন, "আমরা রেন্টাল বিদ্যুতের দিকে বেশী নজর দিচ্ছি। এটা না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা চিন্তা করলে তা আমাদের জন্য ভালো হবে।" তিনি বরিশাল বিমানবন্দরকে কাজে লাগানোর আহ্বান জানান। আমু দাবি করেন, জিয়াউর রহমানই ভারতকে নৌ-ট্রানজিট দিয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দিন খান আলমগীর বলেন, "সম্পূরক বাজেট ব্যয় হওয়ার পর উত্থাপন করা হয়। কিন্তু, এটা যদি করতেই হয় তবে সংসদের অনুমিত হিসাব কমিটির মাধ্যমে বিশ্লেষণ করে তবেই উপস্থাপন করা উচিত হবে।" তিনি বাজেটের প্রকৃত ব্যয়ের তথ্য প্রকাশের দাবি করেন। তিনি একীভূত বাজেটের পরিবর্তে পৃথক বাজেট উপস্থাপনের পক্ষে মত দেন। মহিউদ্দিন খান আলমগীর বলেন, "উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। আর তার জন্য পৃথক মনোযোগও দরকার।" তিনি প্রস্তাবিত বাজেটে বিদ্যুত খাতে বরাদ্দ সাত হাজার কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ প্রকল্প সহায়তার প্রসঙ্গ তুলে বলেন, "এই সাহায্য না পেলে বিনিয়োগ বাধাগ্রস্থ হবে। বৈদেশিক মুদ্রার মজুদ দিয়ে এই বিনিয়োগ নিশ্চিত করতে হবে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারকে 'ডাকাতের সংগঠন' হিসাবে আখ্যায়িত করে বলেন, সে সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, আমির হোসেন আমু, সাহিদা তারেক দিপ্তী, সিরাজুল আকবর, গোলাম মওলা রনি, নূর-ই হাসনা লিলি চৌধুরী, অলি আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএসএম/১৪০০ ঘ.