২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাড়িতে গেলেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে রাত ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বড়িতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে রাত ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বড়িতে যান। তিনি মির্জা আব্বাসের বৃদ্ধা মা ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথিত হামলা-ভাংচুর ও নির্যাতনের কথা শুনেন। আব্বাসের কয়েকজন আত্মীয়-স্বজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিরোধী দলীয় নেতার সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। খালেদা জিয়া আব্বাসের বাড়ির কয়েকটি কক্ষও ঘুরে দেখেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, আহমেদ আজম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সকালে হরতাল কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মির্জা আব্বাসকে পুলিশ গ্রেপ্তারের পর দুপুরের দিকে তার শাহজাহানপুরের বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢুকে লোকজনকে মারধর ও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে বিকালে মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২০ ঘ.