চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
রোববার সকাল থেকে নগরীর কোথাও রিক্সা ছাড়া ভারি কোন যানবাহন চলাচল করেনি, দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক বিমান চলাচল করছে।
অফিস-আদালত-ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও কাজকর্ম চলছে ঢিলেঢালা।
চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক পণ্য ওঠানামা চলছে। তবে বন্দরের বাইরে মালামাল পরিবহন হয়নি।
বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের ভেতরে-বাইরে সব কাজ স্বাভাবিক রয়েছে।
এদিকে হরতালের দিন সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা নগরীর কাজীর দেউরী, দেওয়ান হাট ও বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয় এবং খন্ড খন্ড মিছিল ও সমাবেশ করে।
তবে তারা কোনপ্রকার যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগ করেনি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তারা নিরাপদ দূরত্বে থেকে তাদের দায়িত্ব পালন করছে।
নগরীর কাজীর দেউরী সংলগ্ন বিএনপির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসন ও অন্যান্য নেতারা।
এছাড়া নগরীর জুবিলী রোডে দারুল ফজল মার্কেট কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগ হরতাল বিরোধী সমাবেশ করে। ছাত্রলীগ হরতালের বিরুদ্ধে মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/ ১৩৩২ ঘ.
bdnews24