২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল সফল হয়েছে: দেলোয়ার

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 06:32 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। খোন্দকার দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ ও তার সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের জন্য দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ আজ ঢাকাসহ সারাদেশে এই দুঃশাসনের বিরুদ্ধে হরতাল পালন করছে। জনগণ বুঝতে পেরেছে এই সরকার দিয়ে কিছু হবে না।" হরতালকে ঘিরে সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ বিফ্রিং হয়। বিএনপি মহাসচিব দাবি করেন, এ পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, সর্বত্র সফল হরতাল হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা রুটসহ দুরপাল্লার কোনো রুটে যানবাহন চলেনি। রাজধানীতে ক্ষুদ্র দোকানদার, রিকশা চালকসহ সব পেশার মানুষ কষ্ট স্বীকার করে এই হরতাল পালন করছেন। হরতালে পুলিশি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "হরতালে দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামতে দিচ্ছে না পুলিশ। এ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।" দেড় বছর পর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি হরতালের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করে দেলোয়ার বলেন, "আজকের হরতালে মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে- হরতাল শতভাগ সফল হয়েছে। অথচ জোট সরকার ক্ষমতায় বসার মাত্র এক মাসের মাথায় আওয়ামী লীগ হরতাল ডেকেছিলো। তারা ৫ বছরে ১৭৩ দিন হরতাল করেছে।" সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রেহানা আখতার রানু, রাশেদা আখতার হীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার দিকে বিএনপি মহাসচিব একটি গণমাধ্যমের সিএনজি অটোরিকশায় চড়ে নয়া পল্টনে দলের কার্যালয়ে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১২৩২ ঘ.