চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা কার্যালয়ের সামনে শনিবার রাতে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নুরুল আলম (৩৮) সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি পৌরসভার ৬ নম্বর মহাদেবপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাবার নাম ফরিদ আহমদ।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার পাশের একটি চায়ের দোকানের সামনে কে বা কারা গুলি চালিয়ে ও কুপিয়ে নুরুল আলমকে হত্যা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাকের ভুঁইয়া এ হত্যাকাণ্ডের জন্য উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও তার সহযোগীদের দায়ী করেছেন।
তিনি অভিযোগ করেন, রাত ৯টার দিকে সবার সামনে মোহাম্মদ আলী ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে নুরুল আলমকে হত্যা করে।
আওয়ামী লীগ সমর্থিত সীতাকুণ্ড পৌর চেয়ারম্যান নায়েক মোহাম্মদ শফিক জানান, উপজেলা আওয়ামী লীগের একটি কর্মসূচি শেষে পৌরসভা কার্যালয়ের সমনে পৌঁছালে সেখানে নুরুল আলমের উপর হামলা চালানো হয়।
তিনি বলেন, নুরুল আলমের সঙ্গে জমিজমা নিয়ে অনেক আগে থেকেই মোহাম্মদ আলী ও তার দুই ভাইয়ের বিরোধ ছিল। এর জেরে বিভিন্ন সময় তাকে তারা হুমকিও দেয়।
এ ব্যাপারে নুরুল আলম সীতাকুণ্ড থানায় জিডি করেন বলেও শফিক জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩২৯ ঘ.
bdnews24