২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১০ এর ভোটগ্রহণ শনিবার বিকাল ৪টায় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 12:50 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১০ এর ভোটগ্রহণ শনিবার বিকাল ৪টায় শেষ হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে সকাল ৯টায় সারাদেশে একযোগে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ঘণ্টা পর ভোট গণনা শুরু হবে। দেশে এই প্রথম মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখবর পরিবেশে সারাদেশে ভোটাররা ভোট দিয়েছেন বলেও জানান সচিব উজ্জল। গত ১৩ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে ২০০১ সালে সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ৬টি প্যানেলে ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র এবং আংশিক প্যানেলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচনে সারাদেশে ভোটার ছিলেন প্রায় ১ লাখ ৬৩ হাজার মুক্তিযোদ্ধা। প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের বিপরীতে ভোট দিতে পেরেছেন। তবে মহানগরীর ভোটাররা শুধু কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা কমান্ড নির্বাচনে ভোট দিয়েছেন। ঢাকা মহানগরীর জন্য পুরান ঢাকার মুসলিম হাই স্কুল, শুক্রবাদের নিউমডেল হাইস্কুল এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোট নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমকে/এজে/১৬৫৪ ঘ.