২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বাধা দিলে দায় সরকারের: খালেদা

 শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে এর দায় সরকারের ওপর বর্তাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 12:47 PM

Updated : 26 Apr 2022, 01:10 AM

তিনি বলেছেন, এখনও সময় আছে পরিস্থিতি বুঝে সরকার নিজেদের শুধরে নেবে।

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, "বাংলাদেশের মানুষ না চাইলে দেশী-বিদেশী কোন শক্তিই আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।"

তিনি শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিরোধী দলীয় নেতা আগামী রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফলভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, "সরকারের ব্যর্থতা ও কুশাসনের বিরুদ্ধে জনগণের হয়ে প্রতিবাদ জানাতে আমরা এই হরতাল কর্মসূচি বাধ্য হয়ে ঘোষণা করেছি। উন্নয়ন, উৎপাদন, শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের গতি রুদ্ধ করার সরকারি অপচেষ্টা ও অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্যই এই হরতাল। তাই মাত্র কয়েকটি ঘন্টা কাজ বন্ধ রেখে জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আবেদন রাখছি।''

একই সঙ্গে খালেদা জিয়া হরতাল কর্মসূচিকে মানুষের 'গণতান্ত্রিক' অধিকার অ্যাখ্যায়িত করে সরকারের প্রতি অনুরোধ রেখে বলেন, "এই শাান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা প্রদান ও উস্কানি সৃষ্টি করবেন না।"

হরতালের পাল্টা কর্মসূচি নিয়ে 'দলীয় সন্ত্রাসীদের' রাজপথে না নামানোর জন্য সরকারি দল আওয়ামী লীগের প্রতিও আহবান জানান বিরোধী দলীয় নেতা।

২৭ জুনের হরতালকে সরকারের জন্য 'সতর্ক বার্তা' হিসেবে অভিহিত করে খালেদা জিয়া বলেন, ''হরতাল চলাকালে ও পরবর্তীতে সরকারের আচরণের মাধ্যমে দেশবাসীর এবং আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।''
তিনি হরতাল উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃত দলীয় নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান।

সাবেক এই প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা করতে তার দলের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বলেন, 'আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা এখনো সরকারের পদত্যাগ কিংবা মধ্যবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক দাবি তুলিনি। দেশেব মানুষ আমাদের চাইতেও এক্ষেত্রে অনেকদূর এগিয়েছে।''

বিরোধী দলের নেতা সরকারকে সংসদ কার্যকর ও অর্থবহ করার আহবানও জানান।

তিনি বলেন, ''সংসদকে তারা (সরকারি দল) অকার্যকর করে রেখেছে। এরকম সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।''