চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি নির্বাচনে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর জহরলাল হাজারীর বাড়িতে শুক্রবার রাতে পরাজিত প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ১০টার দিকে হাজারী গলিতে জহরলালের বাড়ির গেট, জানালা ভাংচুর ও ইটপটকেল নিক্ষেপ করা হয়।
এতে জহরলালসহ তার পরিবারের কয়েকজন সদস্য আহত সমান্য হন।
জহরলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "নির্বাচনে পরাজিত হওয়ায় আশীষ ভট্টাচার্যের সমর্থকরা আমার বাড়িতে হামলা চালিয়েছে।"
তবে এ অভিযোগ সম্পর্কে মন্তব্যের জন্য কয়েকবার চেষ্টা করেও আশীষ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে সন্ধ্যায় হাজারী গলিতে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে র্যাব-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা শাহীন কামাল জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০০২০ ঘ.
bdnews24