চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দীন চৌধুরী নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন।
তিনি সকাল ৮ টা ১০ মিনিটের দিকে শুলকগঞ্জ আহমদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এই ভোট কেন্দ্রে তিনি সাংবাদিকদের বলেন, সুন্দর সুশৃঙ্খলভাবে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী আগের নির্বাচনের চেয়েও অনেক বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে চট্টগ্রামকে একটি উন্নয়ন মডেল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলায় সুযোগ করে দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/০৯০৩ ঘ.
bdnews24